কোভিড নিয়ে হাসপাতালে শচীন

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫৯

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শুক্রবার টুইটারে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় শচীন জানিয়েছেন, সতর্কতাস্বরূপ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহ জুড়ে মুম্বাইসহ ভারতের বেশ কিছু শহরে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে যখন ‘ভয়াবহতর দ্বিতীয় ওয়েভ’ হিসেবে আখ্যা দিচ্ছেন, তখনই এই খবর জানালেন শচীন। ৪৭ বছর বয়সি এই সাবেক ক্রিকেটার হাসপাতালে ভর্তি হওয়ার আগে ছয়দিন কোয়ারেন্টাইনে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় শচীন লিখেছেন, ‘যথেষ্ট সতর্কতা প্রদর্শনের স্বার্থে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই বাড়িতে ফিরে যেতে পারব আশা করছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।’ সপ্তাহ দুয়েক আগে সমাপ্ত হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতের সাবেকদের নেতৃত্ব দিয়েছেন শচীন। এই টুর্নামেন্টে তার অধীনে খেলা দুই সাবেক ক্রিকেটার, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানও করোনায় আক্রান্ত হয়েছেন।