দুই সপ্তাহের আন্তর্জাতিক ফুটবল বিরতির পর আজ আবার মাঠে নামছে ক্লাব ফুটবল। মাঠে নামছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। ফেরার প্রথম দিনে প্রিমিয়ার লিগে আর্সেনালের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নস লিভারপুল। দুই দলেরই পরের মৌসুমের ইউরোপিয়ান ফুটবল-ভাগ্য নির্ভর করছে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের ওপর। এদিকে দিনের অন্য ম্যাচে লিগ লিডার ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিচ্ছে লেস্টার সিটি। আর ফরাসি লিগে শীর্ষ দুই দলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিল। সামনের দেড় সপ্তাহ লিভারপুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে ফিরছে য়ুর্গেন ক্লপের শিষ্যরা। গানারদের হারাতে না পারলে অলরেডদের শেষ চারের স্বপ্ন একরকম শেষ হয়ে যাবে আজই। আর যদি এমিরেটস থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারে ক্লপের দল, তাহলে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে খেলার স্বপ্ন কিছুটা হলেও টিকে থাকবে তাদের। আর আজকে জিততে পারলে আসছে মঙ্গলবার রিয়ালের মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কিছুটা বাড়তি আত্মবিশ্বাসও পাবে মোহামেদ সালাহরা। এদিকে মিকেল আরতেতার দলের জন্যও বলতে গেলে এটাই শেষ ম্যাচ, ইউরোপার দৌড়ে টিকে থাকার।
