বকশীগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে সেনা সদস্য আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৩৭

দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় লোকমান হোসেন নামে এক সেনা সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের রায় অমান্য করায় বকশীগঞ্জ থানায় সেনা সদস্য লোকমান হোসেনের নামে নিয়মিত মামলা হয়। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ শুক্রবার লোকমান হোসেনকে ময়মনসিংহ সেনা নিবাসের মিলিটারি পুলিশের কাছে সোপর্দ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বকশীগঞ্জ উপজেলার আইমারী গ্রামের লোকমান হোসেন ছুটিতে নিজ বাড়িতে এসে বকশীগঞ্জের দশানী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনা সদস্য লোকমান হোসেনকে আটক করেন।