মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে শনিবার (৩ এপ্রিল) পুলিশের গুলিতে দেশটির তিন শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।
সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ'র বরাতে জানা যায় শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।
আন্দোলনকারীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।
গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে সাড়ে পাঁচ শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করলো মিয়ানমারের জান্তা সরকার।
ইত্তেফাক/ অনলাইন ডেস্ক
