সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকৃত ইতিহাস পড়তে হবে। সকল ইতিহাস সত্য নয়, নানা পণ্ডিত তার নিজস্ব দৃষ্টিভঙ্গি মিশিয়ে নানাভাবে ইতিহাস রচনা করেন। সাবধান তোমাদের (শিক্ষার্থীদের) বয়সে এসব বোঝার কথা নয়, তবে যত বড় হবে, প্রকৃত ইতিহাস তোমরা খুঁজে পাবে এবং তোমরা শিক্ষা নেবে। প্রকৃত ইতিহাস তোমাদের জীবনে চলার পথে সহায়ক হবে। বর্তমান সরকার শিক্ষার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। একটি শিশুও যাতে নিরক্ষর না থাকে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রদীপ সিংহ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, সাবেক শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন, জেলা স্কাউটসের সহ-সভাপতি ধুজর্টি কুমার বসু, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল প্রমুখ।
