শাবিতে চালু হলো জোবাইকের সেবা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

শাবি সংবাদদাতা:এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরে চালু হলো দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবাদান প্রতিষ্ঠান জোবাইক সেবা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-ই এর সামনে জোবাইক সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীরউদ্দিন আহমদ, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশীদ, জোবাইকের প্রতিষ্ঠাতা জনাব মেহেদী রেজা, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহার কুদরত খান, বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইসতিয়াক আহমেদ, অপারেশন ম্যানেজার শিউলি আক্তারসহ জোবাইকের অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মেহেদী রেজা বলেন, উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এই ধরনের বাইসাইকেল শেয়ারিং সেবা অনেক জনপ্রিয় এবং দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে এই ধরনের সেবা আমরা বাংলাদেশে শুরু করতে পেরেছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই জোবাইককে ক্যাম্পাসে স্বাগত জানানোর জন্য। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সহজে যাতায়াত করতে জোবাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যবহার করা যাবে জোবাইক-এর সেবা             —ইত্তেফাক