চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেল ষ্টেশন মাঠ সংলগ্ন এলাকায় গত রবিবার বেলা ২টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সুন্নিয়া মাদ্রাসা ও দুইটি বর্মা কলোনি ভস্মীভূত হয়েছে। এগুলো হচ্ছে দোহাজারী মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া এবতেদায়ী মাদ্রাসা, ফতে আলী কলোনি ও এমরান খানের কলোনি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে ওই মাদ্রাসা ও কলোনি দুইটির প্রায় ৫০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাত্ক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা না গেলেও কলোনির ভাড়া ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোহাজারী শঙ্খ নদীতে রেলওয়ে সেতু নির্মাণে আসা তমা গ্রুপ ও সাতকানিয়ার দুই ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলোনিগুলোর লোকজন খোলা আকাশের নিচে মানবেতর রাত যাপন করছেন।
