ড্রেন পরিষ্কারের কাজ না করতে চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:৪৪

কুমিল্লার হোমনায় নির্মাণাধীন ড্রেন পরিষ্কারের কাজ করতে না চাওয়ায় সহকর্মীদের মারধরে মো. মোবারক হোসেন (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ খুনের ঘটনা ঘটে। 

নিহত মোবারক উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. আবুল হাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সহায় সম্বলহীন নিহত মোবারক দিনমজুরের কাজ করে সংসার চালাতো। রাত ১০টার দিকে তার কয়েকজন সহকর্মীর সাথে উপজেলার শ্রীমদ্দি গ্রামে নির্মানাধীন ড্রেনের ময়লা পরিষ্কারের কাজ করতে যায় সে। সেখানে ঘণ্টাখানেক কাজ করার পর মোবারক আজ ড্রেনের কাজ করতে পারবে না বলে চলে যাচ্ছিলেন। এসময় সহকর্মী সগীর ও চান বাদশা তাকে কাজ ফেলে যেতে নিষেধ করে। এরপরও মোবারক চলে যেতে চাইলে তাদের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে সগীর ও চান বাদশাসহ অন্যসহকর্মীরা তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘লাশ উদ্ধার করে আজ রবিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নিহত মোবারক এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। সন্তানদেরকে তিনি তার কাছে রেখে লালন-পালন করছেন।’

 ইত্তেফাক/এএএম