সিলেটে ভুয়া স্ত্রীসহ এসআই আটক!

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

সিলেট অফিস

সিলেট নগরীতে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে নারীসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯ । এদের মধ্যে একজন পুলিশের এসআই বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ-২৬/১নং বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাসা থেকে ১২ ও ১৩ বছর বয়েসের দুই মেয়েকেও উদ্ধার করেছে র্যাব। আটক দুজন হচ্ছেন— নগরের কোতোয়ালী মডেল থানার মুন্সিপাড়া এলাকার রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও তার স্ত্রী পরিচয়ে থাকা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ির আটগাঁওয়ের রিমা বেগম (৩৫)। আটক রোকন আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই পদে কর্মরত। আটককৃত রিমা এবং রোকন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় থাকতেন।

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রিমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বাসার একটি কক্ষ থেকে দুজন শিশু এবং ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে কিশোরী ও শিশুদের এনে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে।