মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার শিমুলিয়া ঘাটে সোমবার থেকে দেশব্যাপী লকডাউন শুরুর খবরে ঘরমুখো মানুষের ভিড় বৃদ্ধি পায়। ঢাকাসহ আশপাশের জেলা গুলোতে বসবাসরত দেশের দক্ষিণাঞ্চলের মানুষগুলো দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পদ্মা নদী পাড় হতে শিমুলিয়া ঘাটে ভিড় জমায়। সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। গাদাগাদি করে মানুষ ফেরিতে ও স্পিডবোটে উঠতে ভিড় করে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটটির লঞ্চ ও স্পিডবোটের ঘাটে যাত্রীদের ভিড় ছিল প্রচণ্ড। হঠাৎ রবিবার সকাল থেকে ধীরে ধীরে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় নৌযান গুলোও তাদের ইচ্ছে মত ভাড়াও বৃদ্ধি করেছে বলে পারাপাররত শিমুলিয়া ঘাটের যাত্রীরা জানায়।
বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ সূত্রে জানা যায়, নৌ-রুটটিতে সচল ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চসহ তিন শতাধিক স্পিড বোড যাত্রী পরিবহন করছে।
বরিশালগামী আমজাদ আলী জানান, অনেক দিন বাড়ী যাইনা লকডাউনে অফিস ছুটি থাকবে তাই বাড়ি যাচ্ছি। আর ঢাকায় ব্যয়ও বেশি।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, দুপুরের পর থেকে যাত্রী বৃদ্ধি পেয়েছে। তবে ফেরিতে যানবাহন চলাচলে তেমন কোনো সমস্যা নেই।
ইত্তেফাক/এমএএম
