গাইবান্ধার সুন্দরগঞ্জে খড়ি কুড়াতে গিয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় চাপায় ময়না বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দশ হাজার টাকা সহায়তা করেছেন ইউএনও মোহাম্মদ আল মারুফ।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলুদিয়া (দো-আড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহত ময়না বেগম ওই গ্রামের সোলেমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে বাড়ির পাশের জঙ্গলে খুড়ি কুড়াতে যান ময়না বেগম। হঠাৎ প্রচণ্ড ঝড়-বাতাসের কবলে পড়েন ওই নারী। ইউকিল্যাপ্টাস গাছ উপড়ে ওই নারীর শরীরে পড়ে। এতে গাছে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ধোপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু বলেন, ঝড়ের কবলে গাছ চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে এসেছি।
ইত্তেফাক/এমএএম
