মামুনুল হক ষড়যন্ত্রের শিকার, দাবি হেফাজতের 

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৯:৪২

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ষড়যন্ত্রের শিকার দাবি করেছেন সংগঠনটির সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন। সেখানে ক্ষমতাসীন দলের লোকেরা তাকে হেনস্থা করেছে। তার নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেবো। আমরা এ ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি। আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লাখ লোকের সমাবেশ করতে পারতাম। সেটাও করিনি।

রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর হেফাজতের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। মাওলানা সাখাওয়াত বলেন, বরেণ্য আলেম মাওলানা মামুনুল হককে পরিকল্পিতভাবে অপদস্থ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

অন্যের স্ত্রী বিয়ে করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে হেফাজতের এই নেতা বলেন, তিনি অন্যের স্ত্রী নয়, মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। অন্যের তালাকপ্রাপ্ত স্ত্রী বিয়ে করেছেন, যা শরীয়ত সম্মত।

ফাঁস হওয়া ফোনালাপ মামুনুল হকের কিনা জানতে চাইলে মাওলানা সাখাওয়াত বলেন, ফোনালাপ নিয়ে বাংলাদেশে তেলেসমাতি হচ্ছে। ফোনালাপ কাটছাঁট করে প্রচার করা হচ্ছে। এগুলো আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। যারা বানিয়ে প্রচার করছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। 

ইত্তেফাক/ইউবি