নতুন বই

সংবিধান ও আনিসুজ্জামান

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৯:৪৯

জালাল ফিরোজ

বাংলা একাডেমি

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা। মূল্য: ১৬০ টাকা

 

জাতীয় অধ্যাপক ও পণ্ডিত আনিসুজ্জামান তাঁর সময়ের প্রতিভাবানদের একজন। দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী হিসেবে তিনি সমগ্র জাতির বিশেষ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও স্বীকৃতি পেয়েছেন।

বুদ্ধিজীবী হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানের স্বাতন্ত্র্য ও বিশিষ্টতা কোথায়? অধ্যাপক আনিসুজ্জামান বাংলাদেশের সংবিধানের বাংলাভাষ্য প্রণয়ন করেন। গণপরিষদে গৃহীত হওয়ার পর অনেকে সংবিধানের বিষয় ও বৈশিষ্ট্য ছাড়া এটির বাংলাভাষ্য নিয়ে সমালোচনা করেছেন। আনিসুজ্জামান পরে এ-সম্পর্কে নিজের ব্যাখ্যা দেন। কেমন সেসব ব্যাখ্যা? সংবিধান গৃহীত হওয়ার বেশ পরে আনিসুজ্জামান স্বীকার করেন, সংবিধান প্রণয়নের সময় তাঁরা কিছু ভুল করেছিলেন। কী ছিল সেসব ভুল? সংবিধান বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামানের প্রবন্ধ ও বক্তৃতার সংখ্যা কম নয়। তাঁর সংবিধান সম্পর্কিত লেখা ও বক্তৃতার বিষয়-বৈচিত্র্য ও তাত্পর্য কেমন? সংবিধান প্রণয়নের পর এর ওপর যতগুলো আঘাত এসেছে আনিসুজ্জামান সেগুলোর স্বরূপ ও কারণ বিশ্লেষণ করেছেন। কেবল বিশ্লেষণ করে ক্ষান্ত হননি, তিনি সংবিধানের মূল বৈশিষ্ট্য বিনষ্টকারী আঘাতগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, রাজপথে নেমেছেন এবং ন্যায়বিচারের দাবিতে আদালতের শরণাপন্নও হয়েছেন। সংবিধান নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের বহুমাত্রিক ভূমিকার গুরুত্ব অনুধাবন এবং উপর্যুক্ত প্রশ্নগুলোর উত্তর অন্বেষণ এ-গ্রন্থের প্রধান লক্ষ্য।