মুন্সিগঞ্জে অর্থনৈতিক অঞ্চল করবে স্ট্যান্ডার্ড গ্রুপ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

প্রাক-যোগ্যতা পত্র দিল বেজা

ইত্তেফাক রিপোর্ট

স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডের মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স বা প্রাক-যোগ্যতা পত্র প্রদান করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল বেজা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স প্রদান করা হয়। প্রাক-যোগ্যতা পত্র পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হবে। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বালুয়া নদীর তীরে বড় বালুয়াকান্দি মৌজায় প্রায় ১০৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে এ অর্থনৈতিক অঞ্চল। চলতি বছরের মাঝামাঝি সময়ে জোনের উন্নয়ন কাজ শুরু হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস নিট কম্পোজিট, ডেনিম, লৌহজাত ভারী শিল্প, পাট, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, আইসিটি, জাহাজ নির্মাণ শিল্প, ওয়াশিং প্ল্যান্ট, সিরামিক, অটোমোবাইলসহ বিভিন্ন শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পবন চৌধুরী বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে ৭৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারি অর্থনৈতিক অঞ্চল সমূহে ইউনিট ইনভেস্টরদের জন্য পানি, গ্যাস এবং বিদ্যুত্সহ সকল ইউটিলিটি সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সরকারি সংস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।