রংপুর-ঢাকা বড় লড়াই

ভালো খেলতে চান মিঠুন-রুবেল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪১

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ সোমবার মোহাম্মদ মিঠুনের দল রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটসের। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে মিঠুন বলেন, দলের নাম নয় পারফরম্যান্সই শেষ কথা।

মিঠুন বলছিলেন, ‘এবারের বিপিএলটা কিন্তু পুরোপুরি ভিন্ন। বড় টিম হলেই যে রেজাল্ট করছে তা কিন্তু না। বড় কারো নাম নেই তবুও দেখেন চিটাগং এক নম্বরে। ভালো ক্রিকেট খেলাটাই জরুরি। বড় বড় ক্রিকেটার যদি পারফর্ম করতে না পারে তাহলে তাদের নামের কিন্তু কোনো মূল্য নেই। আমার টিমে বড় বড় প্লেয়ার যারা আছে তারা যদি তাদের নামের প্রতি সুবিচার করতে পারে সেটাই টিমের জন্য ভালো হবে।’

ঢাকার সাথে দ্বিতীয় পর্যায়ের ম্যাচে জমজমাট লড়াই আশা করছেন মিঠুন। এই ম্যাচে তার সামনে চ্যালেঞ্জটা কি জানতে চাইলে মিঠুন বলেন, ‘আসলে ভালো খেলাটাই বেশি জরুরি। ক্রিকেট হচ্ছে একটা দিনের খেলা। যাদের মোমেন্টাম বেশি থাকবে তাদের পজিটিভ রেজাল্ট হওয়ার চান্স বেশি। ঢাকার সাথে এইটা জাস্ট আরেকটা ম্যাচ। হয়তোবা ঢাকার সাথে রংপুরের সবসময় একটা ফাইট হয়। ভালো ম্যাচ হয়। আমরাও চাই যে ম্যাচটা সহজ না হয়ে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।’

মিঠুন জানালেন, টানা তিন ম্যাচ জিতে এই মুহূর্তে দলের সকলের মনোবল বেশ চাঙ্গা। বিদেশি যারা প্রথমদিকে সংগ্রাম করছিল তারা সবাই রান পাচ্ছে। সব মিলিয়ে দল এখন বেশ ভালো অবস্থায় আছে। রংপুর কি একটু বেশি মাত্রায় টপ অর্ডারের ওপর নির্ভরশীল জানতে চাইলে মিঠুন বলেন, ‘এটা আসলে টিমের পরিকল্পনার ওপর নির্ভরশীল। আমাদের টিমের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা তাই। টপ অর্ডার যদি ভালো রান করে তাহলে নিচের দিকের ব্যাটসম্যানদের খুব একটা কাজ থাকে না। আমাদের টিম সাজানো হয়েছে ওইভাবে। আমরা ওপরের দিকে নির্ভরশীল। ওপরে যখন ফেল করে তখন নিচের দিকের ব্যাটসম্যানের প্রয়োজন হয়। ওপরে সবাই যদি ক্লিক করে তাহলে আমার মনে হয় না নিচের কারো চাপ পড়ে।’

সামনেই নিউজিল্যান্ড সফর। বিপিএল থেকে কতটুকু আত্মবিশ্বাস খুঁজে পেলেন মিঠুন? জানালেন, ‘ওখানে খেলব ওডিআই আর টেস্ট। এখানে টি টোয়েন্টি খেলছি। ফরমেট পুরোপুরি ভিন্ন। এখানে খুব বেশি ব্যাটিং করার সুযোগও হচ্ছে না। যতটুকু সুযোগ পাচ্ছি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি।’

অন্যদিকে, রংপুরের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় রয়েছেন ঢাকার পেসার রুবেল হোসেনও। গত দুই ম্যাচে তার দল হেরেছে। আজকের ম্যাচটিকে কামব্যাক ম্যাচ হিসেবে দেখছেন তিনি। বলেন, ‘এবারের বিপিএলে সবগুলো টিমই মোটামুটি ভালো। চিটাগংও ভালো খেলছে। ওরা গত দুইটা ম্যাচ হেরেছে। আমরাও একসময় টপে ছিলাম। দুইটা ক্লোজ ম্যাচ হেরেছি। পরের ম্যাচে যদি কামব্যাক করতে পারি তাহলে আমাদের জন্য সুযোগটা চলে আসবে ইনশাআল্লাহ।’

সামনেই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। ওখানে ভালো করার আত্মবিশ্বাস জানিয়ে রুবেল বলেন, ‘আমি ওখানে আগেও খেলেছি। আর তাছাড়া আমার বিপিএলটাও খুব ভালো যাচ্ছে। চট্টগ্রামে ভালো রান হচ্ছে কিন্তু উইকেট নেওয়ার ব্যাপারে বোলারদের কৌশলটা কি হওয়া উচিত? রুবেল বলেন, এ ধরনের উইকেটে ব্যাটসম্যানকে রিড করে বল করা উচিত। সেইসাথে টিম প্ল্যানও একটা ব্যাপার।’