স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিল আকবর আলীর দল।
বাংলাদেশের বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২০ রান সংগ্রহ করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ১৮.৫ ওভারে তিন উইকেটে ১২৩ রান তুলে ম্যাজ জিতে নেয় বাংলাদেশ যুব দল। ৩০ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশের তানজিম সাকিব।
কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করে ইংলিশরা। ইনিংসের চতুর্থ ওভারেই ১৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। দলীয় ৩৬ রানে চতুর্থ ব্যাটসম্যান সাজঘরে ফিরেন। টপ-অর্ডারে কক্স ১২, স্মিড ১৫ রান করেন। পঞ্চম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন হিল ও গোল্ডসওয়ার্থি। তারা ৪৬ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন রাকিবুল। হিল আউট হন ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে। শেষ দিকে গোল্ডসওয়ার্থির ১৭, বালডারসনের ১৬, হলম্যানের ১১ রানে ভর করে একশো পার হয় ইংল্যান্ডের স্কোর। তানজিম সাকিব ছাড়াও বাংলাদেশের পক্ষে রাকিবুল, শামীম হোসেন, মৃতুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।
ইংল্যান্ডের দেওয়া ১২১ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় ৫০ রান যোগ করে। তানজিদ তামিম ২৮ রান করে ফিরেন। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান ও পারভেজ হোসেন ৪৬ রানের জুটি গড়েন। মাহমুদুল হাসান আউট হন ৪৪ রান করে। দলকে জয় থেকে ৬ রান দূরে রেখে ফিরেন পারভেজ হোসেন। তিনি ৩৩ রান করেন। পরে শামীম হোসেন ও অধিনায়ক আকবর আলী দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শামীম অপরাজিত ৬, আকবর আলী অপরাজিত ৮ রান করেন। ইংল্যান্ডের পক্ষে হিল দুইটি, হলম্যান একটি করে উইকেট পান।
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ শেষে দুইদল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামীকাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-ইংল্যান্ডের যুব দল। পরে চট্টগ্রামে দুইটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল।
নিয়মিত অধিনায়ক তৌহিদ হূদয় ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামকে ছাড়াই সিরিজটা খেলছে বাংলাদেশ যুব দল। তারা দুইজনই বিপিএলে খেলছেন। সিলেট সিক্সার্সের সঙ্গে আছেন তৌহিদ হূদয়। খুলনা টাইটান্সের হয়ে খেলছেন শরীফুল ইসলাম। বিপিএলের পর সিরিজের শেষ দিকে বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
