n সৈয়দা রাকীবা ঐশী
‘বিশ্বরঙ’ বৈশাখ-১৪২৮ উপলক্ষে পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সার্ফেসে সৃষ্টির উল্লাসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। এবারের ‘উত্সবে বিশ্বরঙ’ শীর্ষক বিশ্বরঙ’র পোশাক প্রদর্শনীতে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান। গাছ, লতা-পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলোর মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। ‘উত্সবে বিশ্বরঙ’র পোশাকগুলোতে উত্সবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন ইত্যাদি। এবারের বৈশাখে বিশ্বরঙ’র পোশাকের সঙ্গে বৈশাখী উত্সবকে আরো রঙ্গীন করতে থাকছে এক অন্যরকম চমক। সে প্রসঙ্গে বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ ২৫ বছর ধরে এদেশের ইতিহাস-ঐতিহ্যকে ফ্যাশনের ভাবনায় তুলে ধরেছি নিরলসভাবে। পেয়েছি ফ্যাশনপ্রেমীদের অফুরান ভালোবাসা। সেই প্রেরণায় ফ্যাশন ডিজাইনের পাশাপাশি শখের বসেই গান করে থাকি। বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ উপলক্ষে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যোহরা ঐশীকে নিয়ে দুজন মিলে কণ্ঠ দিয়েছি ভিন্ন রকম একটি ফ্যাশন ভিডিওতে। যার শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম...’। জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ফ্যাশন ভিডিওতে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নাবিলা, নিরবসহ প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ও র্যাম্প মডেল। গাজীপুরের একটি লোকেশনে হয়েছে চিত্রায়ণ। আর এ জন্য বানানো হয়েছে ব্যয়বহুল সেট। ফ্যাশন ভিডিওটি মূলত আমাদের লোকজ সব অতীতকে নিয়েই। হারিয়ে যাওয়া খেলা, হারিয়ে যাওয়া উত্সব, আনন্দ, সময় নিয়ে লেখা গানটির কথার মাঝেই হারিয়ে যেতে ইচ্ছে হয় সেই সোনালী অতীতে; অনেক কিছু ফিরে পাওয়ার উপলব্ধি জাগে প্রাণের মাঝে । ফ্যাশন ভিডিওটির প্রতিটি অংশে স্মৃতিচারণা আছে সোনালী অতীতের। এই ফ্যাশন ভিডিওটি তৈরি করতে গিয়ে অন্যরকম এক ঘোরের মধ্যে হারিয়ে গেছি বার বার। ফিরে গেছি আমি সেই গোল্লাছুট, বউচি, রুমাল চুরি, দাঁড়িয়াবান্ধা খেলার মাঠে। বর্তমানে এসব খেলাগুলো হারিয়ে গেছে কালের গহ্বরে। কিন্তু হারাতে দেইনি স্মৃতি থেকে; তাই তো তুলে ধরতে চেয়েছি এই ভিডিওতে সুনিপুণভাবে। ফিরে যেতে চাই আমি আমার সেই সোনালী অতীতে। সবকিছু মিলিয়ে কাজটি করতে দারুণ লেগেছে আমার। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেল Biplob Saha এবং BISHWORANG ENTERTAINMENT-এ ফ্যাশন ভিডিওটা প্রকাশ করা হয়েছে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় উত্সব পহেলা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙ’র ‘উত্সবে বিশ্বরঙ’ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বরঙ’র সকল শো-রুমে এবং অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে।
