কিউরিয়াস’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২০:২৮

গত ২৬ মার্চ ছিল বাঙালির অন্যরকম আনন্দের একটি দিন। দেশজুড়ে  উদ্যাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একটি স্বাধীন দেশের নাগরিকদের জন্য এমনটি সত্যিই সৌভাগ্যের বিষয়। তাও আবার উদ্যাপিত হয়েছে স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সঙ্গে। এ উদ্যাপন আমাদের স্মরণ করিয়ে দিয়েছে তাদের কথা— যাদের বীরত্ব আর ত্যাগের বিনিময়ে জন্ম হয়েছিল বাংলাদেশ নামের ভূ-খণ্ড। তাদের অনেকের রণাঙ্গন থেকে কিংবা আত্মগোপনকালে লেখা চিঠিতে ফুটে ওঠে দেশকে স্বাধীন করার আকুতি, পরাধীনতার প্রতি ঘৃণা, বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস আর পরিবারের প্রতি দায়িত্ব, মমতা ও আবেগ। জীবন বাজি রেখে লড়তে যাওয়া এসব অকুতোভয় সূর্যসন্তানের মানসিক অবস্থাও ফুটে উঠেছে তাদের হাতের লেখা চিঠিগুলোয়। প্রতিটি অক্ষরে যেন থমকে আছে সময়। সেসব চিঠি নিয়ে প্রথমা প্রকাশন প্রকাশ করেছে অনন্য এক সংকলন ‘একাত্তরের চিঠি’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই পত্রলেখকদের, বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করার প্রয়াস নিয়েছিল দেশের লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস। এ ব্র্যান্ডের বনানী আউটলেটের প্রতিটি ফ্লোর সাজানো হয় লাল-সবুজের নানা উপাদানে। তবে শো-উইন্ডোতে দৃষ্টি দিলে স্পষ্ট হয় মাটির পাত্রে রাখা সব চিঠি। ঠিক সেই চিঠিগুলোই সুন্দর করে রেপ্লিকা করা হয়েছে। ম্যানিকিনগুলোয় পতাকার রঙের পোশাক আর অন্যান্য অনুষঙ্গ পুরো আবহকে বদলে দিয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে বাঁ দিকেই দৃষ্টিগোচর হয় স্থায়ী প্রদর্শন কোণ। এখানে বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক সব উপাদানে সাজানো থাকে। ক্রেতা-দর্শকেরা কেনাকাটার ফাঁকে চোখ বুলিয়ে নেন। এবার সেখানে স্থান পেয়েছে চিঠির রেপ্লিকা।

অনেকটা চিত্র প্রদর্শনীর আদলে ফ্রেমে সাঁটা চিঠিগুলোকে সাজানো হয়েছে দেয়ালজুড়ে। টপ ফ্লোরের সিলিং থেকে নিচতলা পর্যন্ত ঝোলানো হয়েছে সাদা মসলিনে স্ক্রিন-প্রিন্ট করা চিঠিগুলো। অবিকল সেই হাতের লেখা। সাদা জমিনে সাদায় ছাপা অক্ষরে আলোছায়ার প্রতিসরণে বাঙময় বর্ণমালা। তবে প্রতি তলার একটা অংশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর নানা উপাদান আর উপকরণে সজ্জিত করা হয়। প্রতিটি তলাতেই ছিল ফ্রেমে ধরা চিঠির রেপ্লিকা; একই সঙ্গে রয়েছে এই সময়ের সংগ্রহও। এই প্রদর্শনী তথা সুবর্ণজয়ন্তীর উদযাপন চলে ৩১ মার্চ পর্যন্ত। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাত থেকে অনেক উদ্যোক্তাই দেশের বাজারে লাইফস্টাইল পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন। সেই ধারায় নতুন সংযোজন কিউরিয়াস। এটি ডেকো লেগাসি গ্রুপের একটি প্রতিষ্ঠান। আর লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াসের উদ্যোক্তা তথা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরণ অন্যদের মতো অভিন্ন পথ অনুসরণ করলেও তার ভাবনা ছিল নান্দনিকতাময়।