স্পোর্টস রিপোর্টার
দুইদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফু্টবল লিগ। আজ এবং আগামীকাল দুইদিন ঢাকায় খেলা হবে। পরের দুইদিন ময়মনসিংহ, ঢাকা এবং নীলফামারীতে খেলা হবে। ঢাকায় আজ শেখ জামাল ধানমন্ডি এবং রহমতগঞ্জের লড়াই। শুরু হবে সাড়ে তিনটায়। সন্ধ্যা সাড়ে ৬টায় আবাহনী খেলবে মুক্তিযোদ্ধার বিপক্ষে।
আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য বড় ম্যাচই নয়। গুরুত্বপূর্ণ ম্যাচও বটে। কারণ আবাহনী এবং শেখ জামাল দুই দলই মহাবিপদে রয়েছে। আবাহনী এরই মধ্যে দ্বিতীয় খেলায় হেরে পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী নীলফামারীতে গিয়ে শুধু হারেইনি। তিন গোল হজম করে মাথা নিচু করে ছাড়তে হয়েছে। বসুন্ধরার কাছে হারের ঘা এখনও শুকায়নি। সেখান থেকে উঠে আসার জন্য আবাহনী আবার নতুন করে শুরু করার প্রস্তুতি নিয়েছে। মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবার জয়ের পথে হাঁটতে চায়। আবাহনী বুঝতে পারছে লিগের কোনো ম্যাচই আর হেলায় নেওয়া যাবে না। কারণ লিগ চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে হলে এবার আবাহনীকে চরম পরীক্ষা দিতে হবে। কঠিন পরীক্ষার জন্য আবাহনী প্রস্তুতি নিচ্ছে। মুক্তিযোদ্ধা প্রথম খেলা হারলেও দ্বিতীয় খেলায় বড় চমক দেখিয়েছে। শেখ জামালের মতো দলকে হারিয়েছে তিন গোলে। হ্যাটট্টিক করেছিলেন আইভরিকোষ্টের বাল্লো ফামুসা। আবাহনী এসব কথা মাথায় রেখে আজ মাঠে নামবে।
বসুন্ধরা কিংস এবং মুক্তিযোদ্ধার কাছে প্রথম দুই ম্যাচে হেরে শেখ জামাল আরো বিপদে রয়েছে। তাদের কাছে আজকের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। প্রথম জয়ের নেশায় তারাও টেনশনে। আজ রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট পেতে চায়।
