স্পোর্টস রিপোর্টার
নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা (২-২) ফিরিয়েছে পাকিস্তান। গতকাল জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে পরাজিত করেছে শোয়েব মালিকের দল। কেপটাউনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওই ম্যাচেই হবে পাঁচ ম্যাচ সিরিজের ফয়সালা।
প্রোটিয়াদের দেয়া ১৬৫ রানের টার্গেট পাড়ি দিতে খুব বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ৩১.৩ ওভারে দুই উইকেটে ১৬৮ রান তুলে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। ইমাম উল হক ৭১, ফখর জামান ৪৪, বাবর আজম অপরাজিত ৪১, রিজওয়ান অপরাজিত ৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ও ফেলুকওয়ায়ো একটি করে উইকেট পান। ১১১ বল আগে পাওয়া জয়ে পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি ম্যাচ সেরার পুরস্কার পান।
এর আগে প্রথমে ব্যাট করে ৪১ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের তরুণ পেসার উসমান শিনওয়ারি ধস নামান স্বাগতিকদের ব্যাটিং লাইনে। ৩৫ রানে চার উইকেট নেন এই বাঁহাতি পেসার। আমলা ৫৯, অধিনায়ক ডু প্লেসিস ৫৭, ডুসেন ১৮, ফেলুকওয়ায়ো ১১ রান করেন। শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান দুটি করে এবং আমির-ইমাদ ওয়াসিম একটি করে উইকেট নেন।
