প্রতিবন্ধীদের স্বাবলম্বী করছেন শিপ্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫৯

 

প্রতিবন্ধী কথাটা শুনলেই চোখের সামনে কোনো এক অসহায় মানুষের ছবি ভেসে ওঠে। ধরেই নেওয়া হয় তাদের দ্বারা কিছুই হবে না! কিন্তু না, তারা আজ আর বসে নেই। লেখাপড়া এবং চাকরিতে একজন স্বাভাবিক মানুষের মতো তাদেরও সকল সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে ছুটে চলেছে সুনিপুণ বিশ্বমানের হস্তশিল্প তৈরিতেও। তাদের অনেকে পাট, হোগলা, পাতা, ছন, কাশিয়া এসব ব্যবহার করে তৈরি করছে বিভিন্ন ধরনের বাস্কেট, ব্যাগ, কার্পেট ও বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর তাদের এই স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার S&S Handicraft BD. ১০০ জন প্রতিবন্ধী মানুষ নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করেন মোস্তাফিজুর রহমান শিপ্ত নামে একজন তরুণ উদ্যোক্তা।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল শিপ্তর। পড়াশোনা শেষ করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। কিন্তু করোনায় সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তিনি তার পুরনো সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে চাচ্ছিলেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি এ উদ্যোগটি হাতে নেন। প্রতিবন্ধীদের বিভিন্ন সংস্থা থেকে তাদের খুঁজে বের করেন শিপ্ত। এরপর তাদেরকে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কাজে দক্ষ করে তুলেন। প্রথমদিকে তাদেরকে Sightsavers এবং UKaid-এর অর্থায়নে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। অতঃপর তাদের দক্ষ হাত দিয়ে তৈরি হচ্ছে বিশ্বমানের সব হ্যান্ডিক্রাফট এবং তা Dreams Thread নামক ফেসবুক ভিত্তিক অনলাইন শপের মাধ্যমে বিক্রি হচ্ছে। যার লভ্যাংশের অনেকটাই পাচ্ছেন তারা। আর এভাবেই তাদের জন্য কর্মক্ষেত্রের নতুন এক জায়গাও তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতিবন্ধী অসহায় মানুষদের কর্মক্ষম ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে তাদেরকে হস্তশিল্প ও কুটিরশিল্প কাজ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রতিবন্ধী ভাই-বোনদের কেউ অবহেলা না করতে পারে।

নরসিংদী জেলার শিবপুর থানার ইটাখোলায় তরুণ উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিপ্ত প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে পাটজাত পণ্য ও হস্তশিল্প তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

শিপ্ত বলেন, ‘একটাই স্বপ্ন বাংলাদেশের সকল অসহায় প্রতিবন্ধীরা যাতে সমাজের জন্য বোঝা না হয়ে সমাজে সম্পদ হিসেবে তৈরি হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা পাটের ও হাতে তৈরি নানা পণ্যের কাজ শিখতে পেরেছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি হ্যান্ডি ক্রাফট তৈরিকারক কোম্পানিগুলোর কাছে আবেদন— তারা যেন আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন