সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চাইলে...

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫৯

সময়ের সঙ্গে তাল মিলিয়ে একদিকে যেমন সহজলভ্য হচ্ছে ইন্টারনেট ও প্রযুক্তি, তেমনি বাড়ছে জটিলতা। ডিজিটাল এই দুনিয়ায় সবচেয়ে বেশি বিচরণ করা তরুণদেরও আলোচনার শীর্ষে থাকছে নেট দুনিয়ার এই বিষয়গুলো। হ্যাকিং, সাইবার ওয়ার কিংবা ইথিক্যাল হ্যাকিংয়ের মতো বিষয়গুলো নিয়েও তাদের কৌতূহলের সীমা নেই। তরুণদের জটিল এ বিষয়গুলো নিয়ে জানার বা দক্ষ হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তরুণ লেখক সাফ্ফাত আহম্মদ খান। সাধারণের মধ্যে বিষয়গুলো সহজ করতে হ্যাকিং ও সাইবার সিকিউরিটি নিয়ে লিখেছেন বই। ‘গল্পে কল্পে সাইবার সিকিউরিটি’ নামের একটি বই নিয়ে এবারের বইমেলায় হাজির হয়েছেন লেখক সাফ্ফাত আহম্মদ খান। বইটিতে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিংয়ের বিষয়গুলো গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন তিনি। লক্ষ্য, একজন পাঠক যেন খুব সহজেই সাইবার সিকিউরিটির ব্যাপারগুলো আয়ত্তে আনতে পারেন এবং সাইবার সিকিউরিটি শিক্ষার একটি গাইডলাইনও পেতে পারেন। বইটি সম্পর্কে তিনি বলেন, ‘টেকনিক্যাল বইগুলো সাধারণত একঘেঁয়েমি ধাঁচের হয়। কিছুদূর পড়ার পর অনেকে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন; কিন্তু ‘গল্পে কল্পে সাইবার সিকিউরিটি’ বইটি এমন নয়। এটি এমনভাবে লেখা হয়েছে যেন পাঠক পুরো বইটি আগ্রহ নিয়ে পড়েন। একটি অধ্যায় পড়ার পর অন্য অধ্যায় পড়ার জন্য পাঠকের আগ্রহের সৃষ্টি হবে। বইটিতে নেটওয়ার্কিং, ওয়েবসাইট হ্যাকিং, পেনিট্রেশন ল্যাব, হার্ডড্রাইভ ফরেনসিক, ডাটা রিকভারি, রুটকিট, ম্যালওয়্যার এনালাইসিস, ওপেন সোর্স ইনটেলিজেন্ট, ক্রিপ্ট্রোগ্রাফিক হ্যাশ ফাংশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ ইত্যাদি বিষয় নিয়ে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। এখানে কিছু ল্যাবের ব্যবহারিক দিকও দেখানো হয়েছে। এর আগে কম্পিউটার হ্যাকিং অ্যান্ড ফরেনসিক নামের আরেকটি বই লিখেছিলেন তরুণ এই লেখক। এবারের বইটি তার লেখা দ্বিতীয় বই। নিজ লেখনির মাধ্যমে সাফ্ফাত আহম্মদ খান চেষ্টা করেন ভবিষ্যত্ প্রজন্মকে যথাসম্ভব সহজ ভাষায় নেট দুনিয়ার জটিল বিষয়গুলো সম্পর্কে দক্ষ করে তুলতে। এর পাশাপাশি তরুণদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে ওঠার জন্য যা যা করণীয়, তার সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এবারের অমর একুশে বইমেলায় তিউড়ি প্রকাশনীতে (৫২ নম্বর স্টল) পাওয়া যাচ্ছে সাফ্ফাত আহম্মদ খানের বইটি। এছাড়াও অনলাইনে রকমারি ডটকম, সিটিজি লাইব্রেরি ডটকম এবং বাংলা বইমেলা ডটকমেও পাওয়া যাচ্ছে বইটি।