বিশ্ব স্বাস্থ্য দিবসে

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:০৯

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিক এই সময়টায় করোনাজনিত স্বাস্থ্যশঙ্কায় ধুঁকছে গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের বেশ কয়েকটি শপথ নিতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথমেই অত্যাবশকীয় হচ্ছে সচেতনতা। চারপাশটা পর্যবেক্ষণ করে সময়ের সঙ্গে আপডেট থাকতে হবে। কোনো রকম গুজব ও ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রয়োজনীয় পথ্য হাতের কাছেই রাখতে হবে। মিনি হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক সঙ্গে রাখা জরুরি। নিজের বা অন্য কারো করোনার লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টাইন মেনে চলা অত্যাবশকীয়। করোনার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত চিকিত্সা শুরু করতে হবে। দেরি করা যাবে না। এ সময় গরম পানির ভাঁপ ও গরম পানির সঙ্গে লবণ, লবঙ্গ, আদা মিশিয়ে পান করা বেশ কার্যকর। বাড়তি সাবধানতার জন্য চিকিত্সকের শরণাপন্ন হওয়া উত্তম। প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। অবশ্যই খাদ্য তালিকায় সুষম খাদ্য দুধ, ডিম রাখতে হবে। ব্যায়াম করতে হবে নিয়মিত। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একান্ত প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই বেরুতে হবে। হ্যান্ডশেক ও কোলাকুলিসহ কয়েকটি অভ্যাস ত্যাগ করতে হবে। ঘন ঘন হাত ধোয়া ও আদা-চা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। করোনাকে ভয় নয়—প্রয়োজন সচেতনতা ও কয়েকটি অভ্যাস। এগুলোই আমাদের বাঁচাতে পারে করোনার কবল থেকে।

আ. রহমান দেওয়ান

রামগঞ্জ, লক্ষ্মীপুর