আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:২৬

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। কেউ কেউ ইতোমধ্যে নেমে পড়েছেন নির্বাচনের মাঠে। তবে নির্বাচনকে সামনে রেখে একেবারেই নীরব রয়েছে বিএনপি। বিএনপি প্রার্থীদের কোনো তত্পরতা এখনো দেখা যায়নি।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময়, পথসভা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের দোয়া এবং সমর্থন চাইছেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ রক্ষাসহ চলছে জোর লবিং। তবে নির্বাচনে দলীয়ভাবে কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী তা নিয়ে সচেতন মহলে চলছে বিচার-বিশ্লেষণ।     

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের যেসব সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা হলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার দলপা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাফরপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান নুরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া।

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার আশরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুন রানা খান পাঠান, সাবেক ছাত্রনেতা মামুনুল কবীর খান হলি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার এবং উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগম সুমীর নাম শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম জানান, ১৯৬৪ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। দলকে ভালোবেসে দলের কাজ করেই জীবন কাটিয়ে দিচ্ছি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন চাইছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।  

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পদত্যাগী কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না, এটাই এখনো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় নির্দেশের উপরই সব নির্ভর করছে।