ঠাকুরগাঁও প্রতিনিধি
পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের উপর ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি বাজারে ধানের বাজার বসায় দুর্ঘটনার ঝুঁকিতে যানজটের মধ্যে পথচারীরা চলাচল করছে দীর্ঘদিন থেকে। ঠাকুরগাঁওয়ের দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে খোঁচাবাড়ি উল্লেখযোগ্য। ওই এলাকায় প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।
বাজারটিতে সরকার ৮০ লাখ টাকা বছরে রাজস্ব পেলেও মহাসড়ক থেকে বাজারটি সরানোর উদ্যোগ আজো গ্রহণ করা হয়নি। জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দুইদিন সকালে বাজারটি শুরু হয়। সারাদিন বাজারটি চললেও সকালে বেশি যানজটের সৃষ্টি হয়।
খোঁচাবাড়ি বাজারে সরেজমিনে দেখা গেছে, বাজারটি নাম করা হলেও স্বল্প পরিমাণ জায়গাতে কোটি টাকার কেনা-বেচা হয়ে থাকে। জায়গার অভাবে স্থানীয় ও অন্য জেলা থেকে আগত ব্যবসায়ীরা বাজারে চাষিদের কাছে ধান কিনে মহাসড়কের পাশে স্তূপ করে রাখছেন। আর চাষিরা সড়কের দুই পাশে জায়গা দখল করে ধান বিক্রি করছেন। সড়কের মাঝখান দিয়ে বাস-ট্রাকসহ অন্যান্য যান চলাচল করছে।
শারমিন নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, বাজারের দিন বিদ্যালয় সকালবেলা যেতে হয়। একটু এদিক-ওদিক হলেই ভ্যান বা অটো গাড়ি লাগিয়ে দেয় সে জন্য খুব সাবধানে রাস্তা পারাপার হতে হয়।
বাজারে ধান বিক্রি করতে আসা কশিমউদ্দীন নামে এক চাষি বলেন, জায়গা না থাকায় রাস্তার ওপর ধান নামিয়ে রাখছি বিক্রির জন্য। হাটের জায়গা না থাকলে ধান কোথায় রাখব।
হানিফ নামে এক ট্রাক চালক বলেন, সকালবেলা খোঁচাবাড়ি বাজার পারাপার হতে অনেক সময় লাগে। তা ছাড়া খুব সাবধানে গাড়ি চালাতে হয়।
খোঁচাবাড়ি বাজারের ইজারাদার গনেশ রায় বলেন, আশে-পাশে জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তার উপর ধানের বাজার লাগাতে হচ্ছে। সকাল বেলা কিছুটা যানজট থাকলেও দুপুরের আগেই তা কমে যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, সাধারণ মানুষের ঝুঁকি ও যানজট কমাতে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
