কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ২১টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তার আগেই ২১টি দোকান ও দোকানে রক্ষিত মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় ছাদাকাত স্টোরের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকানমালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
