আরো ১২ বছর ক্ষমতায় থাকার আইনে স্বাক্ষর পুতিনের

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩০

রাশিয়ায় আরো ১২ বছর ক্ষমতায় থাকার একটি আইনে স্বাক্ষর করেছেন। এই আইনের মাধ্যমে তিনি দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অধিকার পেলেন। গত বছর এক ভোটাভুটিতে জনগণ তার পক্ষে রায় দিয়েছিল। এদিকে পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির ব্যক্তিগত চিকিত্সককে গ্রেফতার করা হয়েছে। খবর টাইম ম্যাগাজিনের

গত বছরের পহেলা জুলাই সাংবিধানিক ভোটে পুতিনের ক্ষমতার মেয়াদের আগের সীমাবদ্ধতার দূর করে নতুন ধারা যুক্ত করা হয়। এর মাধ্যমে তিনি আরো দুই মেয়াদে অর্থাত্ ছয় বছর করে দুই বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন। ক্রেমলিন নিয়ন্ত্রিত পার্লামেন্টে এই বিলটি অনুমোদন করা হয়েছিল। সোমবার প্রেসিডেন্ট পুতিন আইনে স্বাক্ষর করেন, যা তার অফিসিয়াল পেইজে তুলে ধরা হয়। ৬৮ বছর বয়সি প্রেসিডেন্ট পুতিন দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। সোভিয়েত শাসক জোসেফ স্টালিনের পর পুতিনই সবচেয়ে বেশি দিন ক্ষমতায় আছেন। ২০২৪ সালে প্রেসিডেন্ট পুতিনের বর্তমান মেয়াদ শেষ হবে। তখন তিনিই সিদ্ধান্ত নেবেন আবার প্রার্থী হবেন কি না। গত বছরের পহেলা জুলাই সাংবিধানিক ভোট অনুষ্ঠিত হয় এবং ৭৮ শতাংশ ভোটার সমর্থন দিয়েছিল। ভোট পড়েছিল ৬৮ শতাংশ।

নাভালনির ব্যক্তিগত চিকিত্সক গ্রেফতার

গত জানুয়ারিতে অ্যালেক্সেই নাভালনি জার্মানি থেকে ফেরার পর গ্রেফতার হন। তিনি সম্প্রতি অভিযোগ করেন, তাকে সঠিক চিকিত্সা দেওয়া হচ্ছে না এবং তিনি হাঁটতে পারছেন না। যদিও একটি গোপন ভিডিও ফুটেজে দেখা যায়, নাভালনি হাসপাতালে হাঁটছেন। কিন্তু তার চিকিত্সকরা জানিয়েছেন, নাভালনির শরীরে জ্বর অনেক বেশি এবং তার প্রচণ্ড কাশিও আছে। কিন্তু সরকার সেটি অস্বীকার করছে। গতকাল নাভালনির চিকিত্সার দাবিতে বিক্ষোভ চলাকালে তার ব্যক্তিগত চিকিত্সক অ্যানাসথেসিয়া ভ্যাসেলিএভাকে গ্রেফতার করা হয়।