নীলক্ষেতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:৪১

রাজধানীর নীলক্ষেত মোড়ে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক গোলাম মোস্তফা (৪৫) নিহত হয়েছেন। বাসটিকে জব্দ, চালককে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, সিএনজি অটোরিকশা চালকের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বাস চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে। 

আটক চালক মো. জালাল মিয়া জানিয়েছেন, তিনি ঠিকানা বাসের চালক। সাভার থেকে সাইনবোর্ড যাচ্ছিলেন। চলন্ত অবস্থায়  নীলক্ষেত মোড় ক্রসিং পাড় হওয়ার সময়ে বাম দিক থেকে সিএনজি অটোরিকশাটি সজোরে বাসের সামনের চাকার সঙ্গে লাগিয়ে দেয়। এতে সংর্ঘষের ঘটনা ঘটে। 

গোলাম মোস্তফার বাসা রামপুরা বলে জানা গেছে। তার লোকজনকে সংবাদ দেওয়া হয়ছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।

ইত্তেফাক/কেকে