মির্জাপুর সরকারি কলেজে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না দুই যুগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর সরকারি কলেজে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না প্রায় দুই যুগ ধরে। কারণ ছাড়াই নির্বাচন না হওয়ায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

জানা গেছে, স্থানীয় শিক্ষানুরাগী বেশ কয়েকজন ব্যক্তির উদ্যোগে ১৯৭০ সালে উচ্চশিক্ষার জন্য মির্জাপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। তাদের মধ্যে দানবীর রনদা প্রসাদ সাহা, মাইনুদ্দিন, হাবেল উদ্দিন, আবুল হোসেন ও মোঃ ফজলুর রহমান খান ফারুক অন্যতম। ১৯৭৯-৮০ সালে মির্জাপুর কলেজে প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সর্বশেষ ১৯৯৮ সালে মির্জাপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কলেজের প্রথম প্রতিষ্ঠাতা ভিপি মোঃ গোলাম ফারুক সিদ্দিকী, সাবেক এজিএস মোঃ সেলিম সিকদার এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ জহিরুল হক জহির বলেন, মেধা বিকাশ ও সঠিক নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। ছাত্র নেতৃত্ব ছাড়া যোগ্য নেতা হওয়া যায় না। আজকে যারা মন্ত্রী, এমপি ও বড় বড় রাজনৈতিক নেতা হয়ে দেশ পরিচালনা করছেন তারা ছাত্র রাজনীতি করেই বড় হয়েছেন। কাজেই কলেজ- বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। একই কথা বলেছেন মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী অঞ্জন বলেন, রাজনীতির মূল কেন্দ্র হচ্ছে ছাত্র সংসদ। তাই তারাসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা মির্জাপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য জোর দাবি জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন আহমেদ বাবর বলেন, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। দ্রুত যাতে কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় সেজন্য কলেজের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।