অ জে য় চৌ ধু রী
নানান ধরনের নাম ভূমিকার গল্পের নাটকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমকে নাটকে/টেলিফিল্মে দেখা গেছে। এবার পরী রূপে ছোটপর্দায় দর্শক তাকে দেখতে পাবেন। নাটকের নামই ‘পরী’। নাটকটির চিত্রনাট্য করেছেন জুনায়েদ রাশিদ এবং পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রি হিমু। গত ১ ও ২ এপ্রিল রাজধানীর পুরানো ঢাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানালেন নাটকটির প্রযোজক জিল্লুর রহমান জুয়েল। মূলত পরী’কে ঘিরেই নাটকের গল্প। আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানান জুয়েল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করছি। যেহেতু নাটকের গল্প আমাকে ঘিরেই, তাই আমাকে অনেক শ্রম দিতে হয়েছে; কষ্ট করতে হয়েছে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। প্রচণ্ড গরমের মধ্যে পুরানো ঢাকায় আমরা শুটিং করেছি। সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করার চেষ্টা করেছেন। আশা করছি খুউব ভালো হয়েছে কাজটি। সম্পাদনা শেষে বোঝা যাবে কেমন হলো। কিন্তু তারপরও গল্প, আমার চরিত্র এবং আরো যারা আছেন সবার সমন্বয়ে ভালো হয়েছে কাজটি। দেখা যাক দর্শকের কাছে কতটুকু ভালো লাগে।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইমতিয়াজ বর্ষণ, মনিরুল ইসলামসহ অনেকে। এদিকে ২৬ মার্চ মুক্তি পেয়েছে মম অভিনীত তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এই সিনেমাতেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মম। এরইমধ্যে মম আশফাক নিপুণের নির্দেশনায় ওয়েব সিরিজ ‘মহানগর’র কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। লকডাউন শুরু হয়ে যাওয়ায় আপাতত কাজ করছেন না মম। নিজের নিরাপত্তার কথা ভাবার পাশাপাশি নিজের পরিবারের কথাও ভাবছেন করোনার বর্তমান পরিস্থিতিতে। মম বলেন, ‘সত্যি বলতে কি আমরা সবাই যার যার অবস্থানে থেকে যতটা পারি সচেতন হয়ে চলতে পারলেই করোনাকে প্রতিরোধ করা সম্ভব। বিশেষত জরুরি—যে যখনই যেখানেই যাচ্ছি না কেন মাস্কটা যেন পড়ে থাকি আমরা। মাস্ক পড়ার অভ্যাসটাই নেই আমাদের অনেকের। অথচ মাস্ক পড়াটা খুব জরুরি। একের পর এক আমরা আমাদের প্রিয়জনদের হারাচ্ছি। আর হারাতে চাই না। আল্লাহ আমাদের প্রতি রহমাত দান করুন।’ কিছুদিন আগে জি-ফাইভে মুক্তি পেলো মম অভিনীত ‘কন্ট্রাক্ট’ নামক ওয়েভ সিরিজ। এই ওয়েব সিরিজেও মমর অভিনয় বেশ প্রশংসিত হয়। সিরিজটিতে মীনা চরিত্রে মমর দুর্দান্ত অভিনয় আবারো প্রমাণ করেছে মমর সমসাময়িক কালে মমই সেরা। আর নিজের সেরাটুকু দিয়েই মম অভিনয় করেছেন ‘পরী’ নাটকে। তাই ‘পরী’ নাটককে ঘিরেও পরিচালক প্রযোজকের স্বপ্ন— এই নাটকের জন্যও দর্শকের কাছ থেকে মম অনেক সাড়া পাবেন।
