যখনই যেখানে ঘরোয়া আড্ডায় অংশ নেন চিত্রনায়ক অমিত হাসান, গানের আসর জমে উঠলে সেখানে অনায়াসে সংগীত পরিবেশন করেন অমিত হাসান। তবে পেশাগতভাবে কখনোই অমিত হাসান নিজেকে গানের সঙ্গে সম্পৃক্ত করেননি। তবে একটি নাটকের গানকে কেন্দ্র করে একটি সিচুয়েশনকে ভাবনায় রেখে এবার নিজেই একটি গান লিখেছেন এবং সুর করেছেন। গানের কথা এমন— ‘পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে... তুই অন্য কারো হলে বুকটা কেন জ্বলে...’। তবে গানটি তার গাওয়ানোর ইচ্ছে ছিল বাংলাদেশের একজন পেশাদার গায়ককে দিয়ে। কিন্তু কোনো একদিন অমিত হাসানের বন্ধু চিত্রনায়িকা শাবনূরের বাসায় পরিচয় হয় মোস্তফার সঙ্গে। মোস্তফাকেই তিনি গানটির সংগীতায়োজন করতে বলেন। সংগীতায়োজন শেষে প্রাথমিক ভয়েজ দেন মোস্তফা। তার কণ্ঠেই গানটি ভালো লেগে যায় অমিত হাসানের। যে কারণে মোস্তফাকে দিয়েই গানটি গাওয়াতে যাচ্ছেন। শিগগিরই গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হবে বলে জানালেন অমিত হাসান। জীবনে প্রথম গান লেখা ও সুর করা প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘সত্যি বলতে কি জীবনে কখনো ভাবিনি যে আমি নিজেই গান লিখব, সুর করব। কিন্তু জীবনের একটি সত্য সিচুয়েসনকে ভাবনায় রেখে গানের কথাগুলো যেমন মাথায় এসেছে, সুরটাও চলে এলো। এটা আসলে আল্লাহর অশেষ রহমতই বলব। আমাদের চলচ্চিত্র পরিবারের অনেক অনুষ্ঠানেই আমাকে গান গাইতে হয়েছে। কখনো অনুরোধে, কখনো নিজেই আগ্রহ নিয়ে গেয়েছি। কিন্তু এবার নিজেই গান লিখলাম, সুর করলাম—এটা আসলেই অনেক ভালোলাগার। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ অমিত হাসান লকডাউনে আপাতত রাজধানীর ইস্কাটনে নিজ বাসাতেই সময় কাটাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নাই’। আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহীন সুমনের ‘বিদ্রোহী’ এবং শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’।
