ছোটপর্দার ‘ড্রিমগার্ল’ সিনেমায়

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৫২

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

 

লাইফ ওকে টিভি চ্যানেলে ২০১৫ সালে দেখানো সিরিয়াল ‘ড্রিমগার্ল’। এ সিমেনায় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মফস্বল শহর থেকে মুম্বাইয়ে পা রাখা এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছিলেন নিকিতা দত্ত। সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্নপূরণের লড়াইয়ে একটি মেয়ের ঘাত-প্রতিঘাতের নানা বিষয় তুলে ধরা হয়েছিল ‘ড্রিমগার্ল’ টিভি সিরিয়ালে। তেমনি একটি রোলে সুন্দরী নিকিতার চমত্কার অভিনয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। যদিও ছোটপর্দায় সেটি ছিল তার প্রথম অভিনয়। তবে তার আগেই সিনেমার বড়পর্দায় অভিনয়ে নিকিতার অভিষেক হয়েছিল ‘লেকার হাম দিওয়ানা দিল’ ছবিতে। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটির প্রযোজক ছিলেন অভিনেতা সাইফ আলি খান। সেই ছবিতে নায়িকা চরিত্রে নয়, একটি পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাকে। বড়পর্দা থেকে ছোটপর্দায় পা রাখা নিকিতা এর আগে মিস ইন্ডিয়া ফেমিনা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে একজন ফাইনালিস্ট হয়েছিলেন। ফলে সুন্দরী তকমা নিয়েই শো বিজে পা রেখেছিলেন। মসৃন হওয়াটা ছিল প্রত্যাশিত। উচ্চপদস্থ নেভাল অফিসারের মেয়ে নিকিতা বাবার চাকরি সূত্রে ভারতের বিভিন্ন শহরে থেকেছেন, লেখাপড়া করেছেন সেখানকার স্কুল-কলেজে। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ারস কলেজ থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন করে সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। ড্রিমগার্ল সিরিয়ালে সিনেমায় নায়িকা হওয়ার সংগ্রামে লিপ্ত একজন মেয়ের চরিত্রে রূপদানকারী নিকিতা এখন বলিউডের একজন অভিনেত্রী। ইতিমধ্যে তাকে বেশ কয়েকটি হিন্দি সিনেমায় দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোলে। এ প্রসঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’, শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’ ছবি দুটির কথা বলা যায়। বক্স অফিসে সাফল্যের ঝড় তোলা দুই ছবিতেই নিকিতা ছিলেন পার্শ্বচরিত্রে। তবে তার পর্দা উপস্থিতি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। গত বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘মাস্কা’য় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে চমত্কার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি। সেখানেও তাকে সুন্দরী প্রতিযোগিতায় শিরোপীজয়ী একজন ডিভোর্সি তরুণীর ভূমিকায় দেখা গেছে; যে কি না অভিনেত্রী হিসেবে রূপালি পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। নিকিতা দত্ত আবার দর্শকদের সামনে আসছেন ‘দ্য বিগ বুল’ ছবিতে। আগামী সপ্তাহে জনপ্রিয় ওটিটি প্লাটফরম ‘ডিজনি হটস্টার’-এ মুক্তি পাচ্ছে ছবিটি। বলিউড তারকা অভিষেক বচ্চনের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে আসছেন নিকিতা এ ছবিতে। অভিনয় জগতে পা রাখার পর ইতিমধ্যে পাঁচ ছয় বছর পেরিয়ে গেলেও বড় ব্রেক বলতে যা বোঝায় তা পাননি এই তন্বী অভিনেত্রী। ‘দ্য বিগ বুল’ ছবিটি নিকিতার জন্য বিগ ব্রেক বলা যায়। ভারতের ইতিহাসে বৃহত্তম শেয়ার বাজার কেলেঙ্কারির কুখ্যাত নায়ক হর্ষদ মেহতার বাস্তব জীবনের চাঞ্চল্যকর নাটকীয় গল্প নিয়ে নির্মিত ছবিতে অভিষেক বচ্চনের মূল ভূমিকায় অভিনয় করেছেন। এখানে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে নিকিতাকে।