বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৩

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রাজশাহী :রাজশাহীতে সিএনজি চালিত সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার মুড়ারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক আনসার আলী (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭)। নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। তবে ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

বরিশাল :বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে বুধবার দুপুরে মালবাহী ট্রলির ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ দুই জনের মৃত্যু হয়েছে। বরিশাল বন্দর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন জানিয়েছেন, নিহতরা হচ্ছেন চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল ও তাকে বহনকারী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আলাউদ্দিন।

মাগুরা :মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের মাগুরা প্রধান শাখার ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ নজরুল ইসলাম। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, নজরুল ইসলাম অফিস শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ জেলা শহরে নিজ বাড়িতে ফেরার পথে ঐ দুর্ঘটনা ঘটে।

বদলগাছী (নওগাঁ) :বদলগাছী উপজেলার বদলগাছী-মাতাজি সড়কে আবহাওয়া অফিসের সামনে বুধবার সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত হলেন মহাদেপুর উপজেলার নাওরাইল গ্রামের মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৫০)।

মাধবপুর (হবিগঞ্জ) :ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুরের সুরমা চা-বাগান এলাকায় বুধবার দুপুরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিপন মিয়া (২২)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পিকআপটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গোবিন্দগঞ্জে বুধবার ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মিয়া (৬৫)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হলপার পালিয়ে গেছে।

নকলা (শেরপুর) :নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা নতুন বাজারে বুধবার দুপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হচ্ছে উপজেলার ধনাকুশা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আলেয়া (৭)। নকলা থানার ওসি মুশফিকুর রহমান দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশালে মঙ্গলবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সারোয়ার হোসেন (২৫)। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহত যুবক রাজশাহীর বেলপুকুর থানার জামিয়া মধ্যপাড়া গ্রামের আ. হামিদের ছেলে। সে বগার বাজার চৌরাস্তা এলাকায় ভালুকা বিশ্বাস ফিসারিতে কর্মরত ছিল।

মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে বুধবার বিকালে প্রাইভেটকারের চাপায় এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কোরবান সরদার (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন  শ্রমিক। নিহতের বিষয়টি হাইওয়ে পুলিশের এসআই আবুল খায়ের নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই আলতু খান জুট মিলের শ্রমিক।

চুনরুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক শিপন খাঁন (২৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঢাকা-সিলেট মহাসড়কের(পুরাতন) তেলিয়াপাড়া সুরমা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।