বরিশাল অফিস
করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের দ্বিতীয় চালান গতকাল বুধবার সকালে বরিশালে পৌঁছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় ঢাকা থেকে ফ্রিজারভ্যানে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় করোনা প্রতিরোধক ভ্যাকসিন, যা জেলা সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন সংরক্ষণাগারে রাখা হয়েছে। দ্বিতীয় চালানে পাঁচটি প্যাকেটে ৫১ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদেরও এ টিকা দেওয়া হবে। উল্লেখ্য, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।
