ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ২০২৫ সাল পর্যন্ত স্বাক্ষরিত নতুন চুক্তির ফলে আপাতত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন সিটির মধ্যমাঠের প্রাণভোমরা। ২০১৫ সালে জার্মান দল উলফবার্গ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে দুই বার প্রিমিয়ার লিগ, চার বার লিগ কাপ এবং এক বার এফএ কাপ শিরোপা জিতেছেন এই ২৯ বছর বয়সি বেলজিয়ান। বর্তমান চুক্তির দুই বছর বাকি থাকতেই চুক্তি নবায়ন করা ডি ব্রুইনা গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘এই চুক্তি স্বাক্ষর করাটা খুবই সোজা-সাপ্টা সিদ্ধান্ত ছিল। এই ফুটবল ক্লাব সাফল্যের পেছনে দৌড়ায়। আমি যেভাবে নিজের সর্বোচ্চটা দিতে পারি, সেজন্য যা প্রয়োজন তাই করে এই ক্লাব।’ পেপ গার্দিওলার দলের সবচেয়ে বড় তারকা ডি ব্রুইনা এই মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন। ক্লাবের কোয়াড্রপলের স্বপ্নকে জাগিয়ে রাখা এই মিডফিল্ডার গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলকে উতড়াতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
