খুলনা অফিস
খুলনায় ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকা থেকে জেলা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-মো. রাজ্জাক চৌধুরী, মাসুম ওরফে ফারুক চৌধুরী, আরিফুজ্জামান ওরফে শরীফ, মো. রিপন গাজী, মো. আলমগীর হোসেন, সাগর মিয়া, মো. হিরা মিয়া, মো. সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ, মো. আনিসুর রহমান ও গফুর আলী। তাদের কাছ থেকে পুলিশের অনেক সরঞ্জামসহ একটি গাড়ি উদ্ধার হয়েছে।
খুলনা জেলা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার তিলক এলাকার কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের গফফার শেখের ঘেরের পাশ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেটকারসহ একটি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান, ৭টি ডিবিরি কোটি, ৪টি পুলিশের ভুয়া আইডি, ৩টি পিস্তলের কভার, ৪টি টর্চ লাইট, ৪টি বাঁশি, একজোড়া হ্যান্ডক্যাপ ও ২টি ডিবি পুলিশ লেখা লেমিনেটিং কার্ড উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একটি কাল রঙের মাইক্রোবাসসহ ডাকাতদলের ৪/৫ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতির প্রস্তুতি, পুলিশ-র্যাব পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী রূপসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি পৃথক ধারায় মামলা দায়ের করেছেন।
