ফসলি জমিতে ইটভাটা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৪১

শীত মৌসুম এলেই ফসলি জমিতে গড়ে তোলা হয় ইটের ভাটা। ফসলের জমি ভরে যায় বালি আর মাটিতে। সাময়িক কিছু টাকার লোভে কৃষক তাঁর ফসলি জমি তুলে দেন ভাটা মালিকদের হাতে। বছরের ছয় মাস ভাটা থেকে টাকা নিয়ে সংসার চালাতে পারলেও বাকি ছয়টি মাস স্ত্রী-সন্তানদের নিয়ে হিমশিম খেতে হয়। জমি ভাড়া না দিলেও প্রভাবশালী ভাটা মালিকের কাছে হার নেমে অনেক কৃষক তাঁর ফসলি জমি ভাড়া দিতে বাধ্য হন। এতে ফসলি জমি নষ্ট নয়। ইটের ভাটা গড়ে উঠেছে গাজীপুরের মহানগর, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায়। এগুলোর বেশিরভাগের কোনো ছাড়পত্র নেই। দিনের পর দিন বনের কাঠ, বনের জমি দখল ও পরিবেশদূষণের মতো ভয়াবহ অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে। খুব শীঘ্রই এই ইটভাটাগুলো উচ্ছেদ করা হোক। পরিশেষে, ফসলি জমিকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরিফুল ইসলাম খান

গাজীপুর