সময় হলো গুরুত্বপূর্ণ একটা অমূল্য পুঁজি। তাই সময়ের সঙ্গে পালা দিয়ে ছুটতে হলে নিরাপদ সড়ক ব্যবস্থা আজ সময়ের দাবি। যানজটের জন্য আমরা সময়কে ঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি। এবং পাশাপাশি অনিরাপদ সড়ক ব্যক্তিজীবনের বড় হুমকি। সড়ক দুর্ঘটনায় কখনো হারাতে হয় পরিবারের উপার্জনক্ষম লোকটিকেও। অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়ন অলীক। তাই নিরাপদ সড়ক তৈরিতে আমাদের প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে হতে হবে সচেতন। ট্রাফিক আইন ভঙ্গকারী সকলের জন্যই দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর শাস্তির বিধান জরুরি। ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে ফুটওভারব্রিজ ব্যবহার করা উচিত। গাড়ি চালনায় প্রতিযোগিতা বন্ধ করার পাশাপাশি সড়কের দুপাশে ফুটপাতের দোকান অপসারণ জরুরি। ইমার্জেন্সি লাইনসহ কয়েক স্তরের লেন চালু করা উচিত। প্রশাসনসহ প্রত্যেক নাগরিক আন্তরিক হলেই নিরাপদ সড়ক নিশ্চিত হতে পারে। যার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের কোমলমতি শিশু-কিশোর-তরুণ ছাত্রসমাজ ২০১৮-এর আগস্টে দেখাতে সক্ষম হয়েছে। আর নিরাপদ সড়ক না হলে আমাদের অগ্রগতি, উন্নয়নের সকল দ্বার রুদ্ধ হয়ে যাবে।
জয়নব জোনাকি, ঢাকা
