শিল্পাঙ্গনের নতুন গ্যালারি লালমাটিয়ায়

৩৪ প্রবীণ শিল্পীর চিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৬

গ্যালারি শিল্পাঙ্গনের নতুন ভেন্যু লালমাটিয়ায় শুরু হলো প্রদর্শনী ‘রিইউনিয়ন’। এই প্রদর্শনীতে প্রবীণ ও পরিচিতি পাওয়া ৩৪ জন বিশিষ্ট শিল্পীর ৫৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তবে আগামী প্রদর্শনীতে অর্থাত্ দ্বিতীয় পর্বে থাকবে নবীনদের প্রাধান্য। প্রদর্শনী দেখতে পাওয়া যাবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। শিল্পাঙ্গনের পুরাতন গ্যালারির স্থান পরিবর্তন করে ২/৮, লালমাটিয়া, ডি-ব্লকের ৫ম তলায় নতুন যাত্রা শুরু হয় এই গ্যালারির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি ও কবি রবিউল হুসাইন, শিল্পাঙ্গনের চেয়ারপারসন রোকেয়া কাদের, শিল্পী মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রুমি নোমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ আজিজ খান বলেন, দেশে অনেক আর্ট গ্যালারি আছে কিন্তু পূর্ণাঙ্গ গ্যালারির ধারণা নিয়ে প্রথম শিল্পাঙ্গনের যাত্রা শুরু করে। লেখক ও সাংবাদিক ফয়েজ আহমেদ মনে করতেন এই গ্যালারি প্রতিষ্ঠার মাধ্যমে মানবতাবোধের সৃষ্টি হবে।

বক্তারা বলেন, শিল্পাঙ্গন এখনো শিল্পীদের আদর্শের স্থান। সেই পথ ধরে বাড়ছে নবীনদের ছবি প্রদর্শনীর চাহিদা। শিল্পাঙ্গন কেন্দ্রীয় গ্যালারির আত্মপ্রকাশ হয়েছিল ১৯৯৩ সালের ১৪ মে মাসে। এর আগে দু’একটি গ্যালারির আত্মপ্রকাশ করে, তবে ব্যক্তি মালিকানাধীন পূর্ণাঙ্গ আর্ট গ্যালারির ধারণা নিয়ে শিল্পাঙ্গনই প্রথম আবির্ভূত হয়। উদ্দেশ্য ছিল দেশের শিল্পীদের ছবি আঁকার স্থান, প্রদর্শন ও বিক্রয়ের উদ্যোগ। সেই পথ ধরে আজ দেশে বেশকিছু আধুনিক গ্যালারি তৈরি হয়েছে, তবে এর মধ্য দিয়ে শিল্পাঙ্গনের উদ্দেশ্যই সফল হয়েছে।