চোখ শুধু চোখ নয়

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:১৬

বন্ধুরা, কেমন আছ? নিশ্চয়ই ভালো। আচ্ছা বলো তো প্রাণীদের চোখ কয়টি? প্রশ্ন শুনে নিশ্চয়ই ভাবছ এ কেমন কথা! আমাদের চোখ দুইটি। আশেপাশে গরু, ছাগল, বিড়াল সবার দুটো চোখ। এছাড়াও বনের পশু বানর, বাঘ, ভালুক সবার তো দুটো করেই  চোখ। এমনকি কাক, কবুতর, ময়না, শালিক ওদেরও দুটো করে চোখ, তা-ই না? এবার এসো চোখ নিয়ে কিছু মজার বিষয় জানি। মাকড়সা দেখনি—এমন কেউ নেই বোধ হয়। এই মাকড়সার চোখ হলো আটটি। আবার চোখ হলো মুখমণ্ডলের অংশ, তাই না? কিন্তু জান কি, ফড়িংয়ের চোখ থাকে হাঁটুতে! বিশ্বাস না হলেও এটাই সত্য বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চোখের কাজ দেখা এটাই আমরা জানি। তবে মজার বিষয় হলো, বাদুর চোখ দিয়ে দেখে না। ওরা চোখ দিয়ে শোনে। আরো অদ্ভুত বিষয় হলো—দুটো চোখ দিয়ে আমরা সব দেখতে পারি। এটাই স্বাভাবিক। তবে শুনলে অবাক হবে রঙিন প্রজাপতির চোখ ১২০০টি। সৃষ্টির রহস্য সত্যি অদ্ভুত। পিঁপড়ে কে না চিনি? পিঁপড়ে ওঠেনি কারো গায়ে, এমন কেউ হয়তো নেই। এই ছোট্ট পিঁপড়ের চোখ কতটি জান? ১০০টি। এখানেই শেষ নয়। পৃথিবীতে সবচেয়ে বড়ো চোখ হলো সমুদ্রের দানব বলে পরিচিত স্কুইডের। আর ছোট্ট যে মাছি উড়তে দেখ। খাবারে বসতে দেখ। সেই মাছিদের ৫টি করে চোখ থাকে। আর মৌমাছিদেরও ৫টি করে চোখ থাকে। আচ্ছা বন্ধুরা, এবার ভাব তো চোখের পাতা নেই এমন কী আছে! খুঁজে পাচ্ছ না তো? শোন তবে, মাছের চোখের পাতা নেই। তাই তো সে চোখ খুলে ঘুমায়। এসব শুনে তোমাদের চোখ কপালে তুলো না যেন। ওকে ভালো থেকো বন্ধুরা। এরপর অন্য বিষয় নিয়ে উপস্থিত হব, কেমন?