বইমেলায় খুদে লেখকের বই

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:১৬

সুন্দর একটি দৃশ্য দেখার পর যেমন চিত্রশিল্পী তার ছবি এঁকে ফেলেন, তেমনি সুন্দর কোনো বই পড়তে পড়তে অনেকেই হয়তো ভাবে, ইস, আমিও যদি এমন একটি বই লিখতে পারতাম। কিন্তু সবাই লিখতে পারে না। আর যদি মানুষটি অল্প বয়সী হয় তাহলে তো কথাই নেই।

আফরা মেহজাবীন শীন। পড়াশোনা করছে রাজশাহীর ঐতিহ্যবাহী সরকারি পিএন বালিকা বিদ্যালয়ে। তিন ভাইবোনের মধ্যে শীন দ্বিতীয়। বড়ো বোন মীমও লেখালেখি করে। শীন অবসর সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করে। তার সেই ঘুরে বেড়ানোর গল্প নিয়েই প্রথম বই প্রকাশ করেছে। নাম দিয়েছে ‘সীমানা শেষে’। ভ্রমণের আকাঙ্ক্ষা শীনকে পান্থপথিক করেছে। বয়স অল্প হলেও তার দেখার দৃষ্টি প্রখর। তার অনুভবের গভীরতা, সংবেদনশীলতা পাঠককে অন্য জগতে নিয়ে যায়। তার লেখার গতিও চমত্কার। ভ্রমণপিয়াসী মানুষকে সহজেই টানবে শীনের লেখা ‘সীমানা শেষে’ গ্রন্থটি। বাংলাদেশের তিনটি প্রান্তকে একসূত্রে গেঁথেছে শীন। দক্ষিণ-পশ্চিমের অপরূপ সুন্দরবন, পূর্ব-দক্ষিণের বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চল এবং উত্তর-পশ্চিমের পুণ্ড্র-বরেন্দ্রর পৌরাণিক ঐশ্বর্য পাঠককে অন্যরকম ভালোলাগায় আপ্লুত করবে। শীন নিয়মিত বাংলাদেশের প্রথম শ্রেণির দৈনিক পত্রিকার শিশু-কিশোর পাতায় লেখে। তার একাধিক লেখা দৈনিক ইত্তেফাকের উপসম্পাদকীয় বিভাগে প্রকাশিত হয়েছে। এছাড়াও সে কচি-কাঁচার আসরে নিয়মিত লেখে।