রঙের মেলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:১৮

আবেদীন জনী

 

পয়লা বোশেখ মেলায় যাবে

ছোট্ট খুকি তুতুলমোনা

কিনবে কী কী খাতায় লিখি—

শখের হাঁড়ি পুতুলসোনা।

 

পোড়া মাটির হাতি ঘোড়া

চুলের ফিতা কাচের চুড়ি

আলতা মাখা তালের পাখা

বেলুন-বাঁশি বেতের ঝুড়ি।

 

বিন্নি গজা সাজ বাতাসা

ঢ্যাপের মোয়া তিলের খাজা

কদমা নাড়ু রসজিলাপি

হাওয়াই মিঠাই পাঁপড় ভাজা।

 

ইচ্ছেমতো কিনবে এসব

নাগরদোলায় চড়বে শেষে

রঙের মেলায় সারাটা দিন

কাটবে খুকির হেসে হেসে।