তাহমিনা কোরাইশী
আকাশের সৈকতে দাঁড়িয়ে মেঘের জলে যায় না সাঁতার কাটা
মেঘে মেঘে সমুদ্দুর ভাসিয়ে নিয়ে যায়
গভীর থেকে আরো গভীরে
বাষ্পিত আমি ভারী বাতাসের ঢেউয়ে ভর দিয়ে উড়ি
সীমানা পেরিয়ে দূর অসীমে
ডেকেছে শ্রাবণ আমায় ঐ দূর ভিনগাঁয়ে
যেখানে সাদা কালো ধূসর বর্ণের মেঘরাশি
আকাশের বুক জুড়ে মেঘের খেলা পাহাড়চূড়া সমতল
দৃশ্যপটে কত শত আঁকাআঁকি
বন্ধু আজ আমি তারই
যে আমায় জানাল সম্ভাষণ
বলেছে মেঘের বাগান দেবে অজস্র জল ফুল রাশি রাশি
ধুয়ে যাবে আমার দু’ চোখের যত নোনাজল
কেবলই থাকবে অমলিন হাসি...
