অট্টহাসি জোকার ভবতরঙ্গ

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:২৮

রাজীব আর্জুনি 

 

জেগে থাকা রাত ভরে আছে

এক গ্লাস পানি সমেত; জীবন

রক্ষাকারী পানি

রজনীর মধ্য দিয়ে এসে শোনায় শব্দ

পানকৌড়ি আর মঙ্গলঘটের;

ভাবি, জীবন রক্ষাকারী পানি

রাতে এসে বলে যাবে

স্নিগ্ধতা ও বকুলের কথা;

আচমকা পানকৌড়ি ও মঙ্গলঘট

নিয়ে বলে গেলে

মনে হয়

পৃথিবীর আয়ুষ্কাল গেল বেড়ে ;

পৃথিবীতে ঘোর কলি কাল

এলে ক্ষতি নেই; কাক-পক্ষি

শালিক মাঠ ও পদ্মফুলে

গেয়ে যাবে একজন;

কলকাঠি নেড়ে চেড়ে জিয়নকাঠি

আর হেঁতাললাঠির সমীক্ষায়

কইবে এ ভবসংসার,

যামিনীর কাতরতা;

 

জেগে থাকা রাত

ভরে আছে এক গ্লাস পানি সমেত;

পানিতে ভাসছে : 

অট্টহাসি জোকার ভবতরঙ্গের

চুমকি বিদ্যুত্ ভর লম্বের পয়ার।