গুচ্ছ নয়, ইবির ধর্মতত্ত্ব অনুষদে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪১

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

গুচ্ছ পদ্ধতিতে নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের অনুষদ না থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য শিগিগরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার সবকিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেভাবেই এ অনুষদের পরীক্ষা হবে। অন্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।