বিএনপি মেরুদণ্ডহীন দল :নাসিম

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৫৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি একটি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনেও থাকে না, আবার কর্মসূচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না। সংখ্যায় যতই কম হোক না কেন সংসদে বিরোধীদল না থাকলে তা মানায় না।

গতকাল রবিবার বিকালে মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবনে চায়ের দাওয়াত প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি  ও ঐক্যফ্রন্ট নেতারা যতই হুমকি-ধামকি দিন না কেন গণভবনে তারা যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন। চাও খাবেন। দেরিতে হলেও সংসদে তারা যাবেন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তিনি মন্ত্রী না থাকলেও এলাকার উন্নয়নে কোনো প্রভাব ফেলবে না। কারণ আওয়ামী লীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সরকার প্রধান আছেন।

নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং ইন্সটিটিউট চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। বক্তব্য দেন এইচইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, সভা পরিচালনা করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর লতিফ তারিনসহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন।

এর আগে মোহাম্মদ নাসিম মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দ্বিতল এই ইন্সপেকশন বাংলোর নির্মাণ ব্যয় প্রায় সোয়া চার কোটি টাকা। এদিকে গতকাল সকালে মোহাম্মদ নাসিম শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও পরিদর্শন করেন।