মোবাইলে ৩ দিনের নিচে কোনো প্যাকেজ নয় :বিটিআরসি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:০০

মোবাইল ফোনের ভয়েস-ইন্টারনেট সেবায় যে কোনো প্যাকেজ বা অফার বা বান্ডলের মেয়াদ ন্যূনতম তিন দিন করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বিটিআরসির এক নির্দেশনায় জানানো হয়েছে। সমপ্রতি জারি করা এ নির্দেশনায় বল হয়, সকল প্রকার প্যকেজ-অফার-বান্ডলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। যদিও কয়েকদিন আগে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ- টিআরএনবির সঙ্গে এক আলোচনায় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেছিলেন, প্যাকেজের ন্যূনতম মেয়াদ হবে ৭ দিন। এ ব্যাপারে বিটিআরসি সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) পার হলে গ্রাহকের মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডিল-অফার সাবস্ক্রাইব করতে হবে। রবিবার থেকেই এই নিয়ম কার্যকর করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বিটিআরসি। ‘অটো-রিনিউ ফিচার’ চালুকৃত ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফারের আওতায় কেনা ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ-বান্ডল-অফারটি পুনরায় চালু হয়ে যাবে। যদি গ্রাহক ‘অটো-রিনিউ ফিচার’ না করেন তাহলে সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রযোজ্য হবে।

বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরগুলো কী পরিমাণ প্যাকেজ-বান্ডল-অফার দিতে পারবে তার সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে। ছোট ছোট প্যাকেজ বা অফারে অপারেটররা বেশি টাকা কেটে নেয় বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের। আবার নির্ধারিত মেয়াদে ডেটা শেষ না করতে পারলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।