চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সমপ্রসারণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার প্রথমবারের মতো চট্টগ্রাম এসে সিআরবি জিএম কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে হাইস্পিড ট্রেন প্রকল্পটি চালু হলে নন স্টপে ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে।
মন্ত্রী বলেন, রেলকে গতি দেওয়ার জন্য, আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের পরিকল্পনা একটাই-তা হলো উন্নয়ন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে, তিনি রেলকে প্রত্যেক জেলায় নিয়ে যাবেন। এ সময় তিনি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত নতুন আরেকটি রেল লাইন তৈরির পরিকল্পনা চলছে বলেও জানান।
তিনি আরও বলেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন সেই জায়গাগুলোতে আবারও রেল যোগাযোগ পুনঃস্থাপন করার কাজ চলছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেলের ঐতিহ্য ফিরে আসবে।
