গার্মেন্টসের মজুরি বিষয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয় ---- ইইউ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:০২

গার্মেন্টস শিল্পে মজুরি বিষয়ে সৃষ্ট শ্রম অসন্তোষ সমাধানে গৃহিত পদক্ষেপের জন্য সরকারের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল রবিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিঙ্ক সৌজন্য সাক্ষাত্কালে এ প্রশংসার কথা জানান। মন্ত্রণালয়ের এক প্রেস বার্তায় জানানো হয়েছে, সাক্ষাত্কালে প্রতিমন্ত্রী ইইউ রাষ্ট্রদূতকে নিম্নতম মজুরির দ্রুত গেজেট প্রকাশ, শ্রম পরিস্থিতি মনিটরিং এর জন্য দেশের শ্রমঘন এলাকায় মন্ত্রণালয়ের উদ্যোগে ২৯টি কমিটি গঠন এবং শ্রমিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণের জন্য যে হট লাইন চালু করতে যাচ্ছে সে বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রদূত সুষ্ঠু ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের এ সকল উদ্যোগকে স্বাগত জানান। আলোচনাকালে গার্মেন্টস শিল্প শ্রমিকদের জন্য দেওয়া ইইউ এর বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গার্মেন্টস শিল্পের বাইরে অন্যান্য খাতেও কারিগরী সহযোগিতা চেয়েছেন। আগামীতে শুধু গার্মেন্টসই নয় অন্যান্য সকল ক্ষেত্রেও সহযোগিতার পরিমাণ বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সাসটেনিবিলিটি কমপ্যাক্টের বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। সাক্ষাত্কালে শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশে ইইউ এর বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।