সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস-রানীহাট আঞ্চলিক সড়ক। এ সড়কটি সীমান্ত এলাকার বারুহাস গ্রাম থেকে দীঘুরিয়া, তালম, জনিন্তপুর ও খোশালপুর হয়ে রানীহাট গ্রামে শেষ হয়েছে। এলজিইডি’র ১৫ কিলোমিটার সড়কের গাছ কেটে সাবাড় করে চলেছেন কতিপয় স্থানীয় ব্যক্তিরা।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে দেখা যায়, সড়কের মাঝে-মাঝেই বিশেষ করে মাঝারি ও বড় আকৃতির ইউক্যালিপটাস গাছগুলো কটে নেওয়া হয়েছে। এসব কাটা গাছের গোড়া দেখে মনে হয়েছে কিছু গাছ অনেক আগেই কাটা হয়েছে।
জানা গেছে, তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের নিজাম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে থেকে এই সড়কের ২০টি গাছ কেটে নিয়েছেন। ঐসব গাছের গুল সড়কের একপাশে ও তার বাড়ির উঠানে জরো করে রাখা হয়েছে।
কিন্তু নিজাম উদ্দিনের দাবি, গাছগুলো তার বাড়ির উঠানের জায়গাতেই রোপন করা হয়েছিল তাই কেটেছেন।
তবে এ বিষয়ে স্থানীয়রা জানান, একেতো সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকা। তারপর যথাযত নজরদারির অভাব। যে কারণে সরকারি সড়কের গাছগুলো অবাধে কেটে ফেলা হচ্ছে।
সড়কের গাছ কাটা প্রসঙ্গে এলজিইডির’র কমিউনিটি অর্গানাইজার মিজানুর রহমান বলেন, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো এলজিইডির রোপন করা গাছ। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/এনএ
